টানা চার দিনের বৃষ্টিতে পানিবন্দি বান্দরবান, পাহাড়ধস ও বন্যার শঙ্কা


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ ১৪৯
টানা চার দিনের বৃষ্টিতে পানিবন্দি বান্দরবান, পাহাড়ধস ও বন্যার শঙ্কা

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবানের সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারী অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পাহাড়ধসের ঝুঁকি ও পানি বৃদ্ধির কারণে অনেকে ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জেলার ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হচ্ছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৬ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ৭ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অবিরাম বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত থেকে বান্দরবান পৌরসভার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করে। শহরের বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, শেরে বাংলা নগর, আর্মি পাড়া ও ক্যাচিংঘাটাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল ও জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতিও রাখা হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১