
সোমবার (১০ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৩টার দিকে চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় অপারেশন ‘সমুদ্র প্রহরা’র আওতায় কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। তল্লাশি চালিয়ে বোট থেকে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। চক্রটি মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল বলে জানা গেছে।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ইয়াবার বড় চালানটি আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
জব্দ করা ইয়াবা ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :