
রোববার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে সফরসঙ্গীদের নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তিস্তা অবসর রেস্ট হাউজে যান তিনি।
সেখানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তিস্তা ব্যারেজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। সভায় ব্যারেজ পরিচালনা, পানি বণ্টন, সেচ সুবিধা এবং উত্তরাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণ ও পানি ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রুহুল আমিন, উত্তরাঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী ড. সরফরাজ বান্দ, রংপুর সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মিজানুর রহমান, ডালিয়া পাউবোর নির্বাহী প্রকৌশলী অমিতাভ চন্দ্র, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র এবং ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রদূত তিস্তা ব্যারেজের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সেখানে প্রায় ৩০ মিনিট অবস্থান করে তিনি নদীর পানির বর্তমান পরিস্থিতি, সেচ ক্যানেলে পানি সরবরাহ এবং ব্যারেজের নিয়ন্ত্রণ ও পরিচালনা ব্যবস্থা সম্পর্কে সরেজমিনে ধারণা নেন। পরে ব্যারেজের মূল সেতুও পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে তিস্তা ব্যারেজ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
পরিদর্শন শেষে তিস্তা অবসর রেস্ট হাউজে মধ্যাহ্নভোজ করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরে দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি তিস্তা ব্যারেজ এলাকা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টের উদ্দেশে রওনা হন।
তিন দিনের উত্তরাঞ্চল সফরে মার্কিন রাষ্ট্রদূতের লালমনিরহাট ও পঞ্চগড়ের পাশাপাশি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :