মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি বর্তমানে নিজেই যেন ‘রোগাক্রান্ত’।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব, প্রয়োজনীয় জনবল সংকট এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে ইউনিয়নটির প্রায় ৪০ হাজার মানুষের চিকিৎসাসেবা এখন চরম অনিশ্চয়তার মুখে।
সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটির দেয়ালে ফাটল ধরেছে, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে আসবাবপত্র ও নথিপত্র নষ্ট হচ্ছে। জরাজীর্ণ এই ভবনে ঝুঁকি নিয়েই চলছে দায়সারা কাজ।
পর্যাপ্ত ওষুধ ও নেই কোনো স্থায়ী ডাক্তার। একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কেন্দ্রটি, তবে তিনিও নিয়মিত থাকেন না বলে স্থানীয়দের অভিযোগ। পরিবেশ ও যাতায়াত ব্যবস্থা দুর্গম হওয়ায় পাহাড়ী অঞ্চলের দরিদ্র মানুষের জন্য এই কেন্দ্রটিই ছিল একমাত্র ভরসা।
কিন্তু বর্তমানে এখানে প্রাথমিক চিকিৎসারও কোনো সুব্যবস্থা নেই। অধিকাংশ সময় কেন্দ্রটি তালাবদ্ধ পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে যেতে হয়, যা জরুরি রোগীদের জন্য জীবনঝুঁকি তৈরি করছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি সংস্কার করে প্রয়োজনীয় জনবল ও ওষুধের সরবরাহ নিশ্চিত করা হোক। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।
আপনার মতামত লিখুন :