মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজার পৌর শহরে যাতায়াতের প্রধান বাহন টমটম এখন সাধারণ মানুষের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
শহরের চাঁদনীঘাট, কুসুমবাগ চৌমুহনী, কোর্ট পয়েন্ট এবং বেরিরপাড়ের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের তোয়াক্কা না করেই দ্বিগুণ ভাড়া আদায় করছে চালকরা।
৫ টাকার নির্ধারিত ভাড়া ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা নেওয়া এখন ‘অঘোষিত নিয়মে’ পরিণত হয়েছে।
সরেজমিনে অনুসন্ধানে দেখা যায়, কোনো নির্দিষ্ট চার্ট ছাড়াই চালকরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছে। কুসুমবাগ থেকে চাঁদনীঘাট কিংবা কোর্ট পয়েন্ট—সবখানেই একই চিত্র। প্রতিবাদ করলে যাত্রীদের হেনস্তার শিকার হতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং রোগীদের ভোগান্তি এখন চরমে।
বেরিরপাড় এলাকায় দেখা যায়, সন্ধ্যা নামলেই এই ভাড়ার হার আরও বেড়ে যায়।
ভুক্তভোগী এক যাত্রী জানান, “আগে কোর্ট পয়েন্ট থেকে কুসুমবাগ ৫ টাকায় যেতাম, এখন ১০ টাকার নিচে কোনো চালক যেতে চায় না। তারা অতিরিক্ত যাত্রী তুলছে, আবার ভাড়াও বেশি নিচ্ছে। প্রতিবাদ করলে তারা গাড়ি থেকে নেমে যেতে বলে।”
অনুসন্ধানে আরও জানা যায়, পৌরসভা থেকে নির্দিষ্ট ভাড়ার তালিকা থাকলেও তা স্ট্যান্ড বা গাড়িতে কোথাও প্রদর্শন করা হয় না। ট্রাফিক পুলিশ ও পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে চালকরা এই সাহস পাচ্ছে বলে অভিযোগ সচেতন নাগরিকদের।
সাধারণ মানুষের দাবি, দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই চাঁদাবাজি ও ভাড়ার নৈরাজ্য বন্ধ করা হোক। নতুবা সাধারণ মানুষের পকেটের টাকা এভাবেই লুটে নেবে অসাধু চালক চক্র।
আপনার মতামত লিখুন :