মৌলভীবাজার সদরে জ্বালানি তেল মজুদ ও বেশি দামে বিক্রি: ৪ দোকানে জরিমানা
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজার সদর উপজেলায় ডিজেল, পেট্রোল ও অকটেন অবৈধভাবে মজুদ এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) উপজেলার আপার কাগাবলা ও আমতৈল ইউনিয়নের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়। বিশ্বস্থ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সদর উপজেলার কাগাবলা বাজার ও খুশালপুর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
অভিযানে জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম রাখার সত্যতা পাওয়ায় ৪টি দোকানকে মোট ২১,০০০ (একুশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, সংকটের অজুহাতে জ্বালানি তেল নিয়ে কারসাজি বা জনভোগান্তি তৈরি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :