কুমারখালী থানার হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ণ ৩৩
কুমারখালী থানার হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার কুমারখালী থানা হাজতখানায় নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইকবাল শেখ গারো (৪০) নামের এক আসামি। এ সময় হাজতে থাকা অপর এক আসামির চিৎকারে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। ঘটনার প্রমাণ হিসেবে থানার সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে কুমারখালী থানার হাজতখানায় এ ঘটনা ঘটে। ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে।

পুলিশ জানায়, ইকবালের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। সর্বশেষ সোমবার ভোরে উপজেলার জিলাপীতলা এলাকায় ছয়টি মুরগি চুরি করে পালানোর সময় তাঁকে আটক করা হয়। পরে তাঁকে থানার হাজতখানায় রাখা হয়। সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

থানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাজতখানায় থাকা একজন আসামি ঘুমিয়ে ছিলেন। এ সময় ইকবাল নিজের লুঙ্গি ছিঁড়ে তার একটি অংশ হাজতখানার দেওয়ালের গ্রিলে বাঁধেন। এরপর গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ার চেষ্টা করেন। প্রথমবার ব্যর্থ হওয়ার পর কিছুক্ষণ পর আবারও একইভাবে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ সময় ঘুমিয়ে থাকা অপর আসামি বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন এবং তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। চিৎকার শুনে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানায় ছুটে এসে ইকবালকে উদ্ধার করেন।

পুলিশ হেফাজতে ইকবাল বলেন, একটি গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করে তিনি ২৫ হাজার টাকা পেয়েছিলেন। এর মধ্যে ১৫ হাজার টাকা বাবার দেনা পরিশোধে খরচ করেন এবং বাকি টাকা নিজের খরচে ব্যয় করেন। থানায় আটকের পর কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ তাঁকে ধরে থানায় নিয়ে আসায় তিনি আত্মহত্যা করে মারা যেতে চেয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুন উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের বিপ্লব হোসেনের খামার থেকে একটি গরু চুরির অভিযোগ রয়েছে ইকবালের বিরুদ্ধে। গরুটির বাজারমূল্য ছিল প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে ওই গরু ৫৫ হাজার টাকায় বিক্রি করে টাকা নিয়ে তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে ইকবাল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হয়েছে।

পরে সোমবার দুপুরে ইকবাল শেখকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০