দামুড়হুদায় মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ, ১০ ঘণ্টা পর মিলল ম.র.দে.হ


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ ৬১
দামুড়হুদায় মাছ ধরতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ, ১০ ঘণ্টা পর মিলল ম.র.দে.হ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শামরার মাঠ এলাকার একটি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া সাইম (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১০ জুলাই) উপজেলার নতুন বাস্তপুর এলাকার শামরার মাঠের মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইম নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচাদের সঙ্গে মাছ ধরতে গিয়ে দুপুরের দিকে পানিতে ডুবে নিখোঁজ হয় সাইম। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও দীর্ঘ সময় চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরে খুলনা থেকে আসা ডুবুরি দল বিকেলে উদ্ধারকাজে যোগ দেয়। টানা অনুসন্ধানের পর সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সাইমের মরদেহ উদ্ধার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জেলার খাল-বিল, জলাশয় ও বিস্তীর্ণ ফসলি জমি পানিতে প্লাবিত হওয়ায় অনেকেই মাছ ধরতে নেমেছিলেন।

সাইমের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১