
পুলিশ জানায়, গত ৩০ জুলাই বিকেল ৫টার দিকে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম (২০) তাঁর বন্ধু তানভিরকে নিয়ে জেলা পরিষদ পার্কে ঘুরতে যান। এ সময় ২-৩ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে মানিব্যাগ থেকে টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দুই শিক্ষার্থী নওগাঁ শহরের ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থাকেন।
ঘটনার ভিডিও ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আসে। যদিও ভুক্তভোগীরা প্রথমে থানায় কোনো অভিযোগ করেননি, পরে পুলিশ সুপার তাদের মামলা করার পরামর্শ দেন এবং জেলা গোয়েন্দা পুলিশকে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।
পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তা, ঘটনাস্থলের বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযান পরিচালনা করে।
অভিযানে নওগাঁ সদর উপজেলার চকদেব (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা মো. আব্দুল আহাদ (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি আবুল কালাম আজাদের ছেলে। পরে ভুক্তভোগীরা তাকে শনাক্ত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আব্দুল আহাদের বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :