নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ ৪০
নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক ৩

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মান্দা থানার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। পরে বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে ভয়ভীতি দেখানো হয়। একই সঙ্গে বিপুলের স্ত্রী, মা ও শাশুড়িকে ভয় দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্রে তল্লাশি চালানো হয়।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাঁরা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বিপুল কুমারসহ স্থানীয় লোকজন তাঁদের পিছু নেন।

পরে রাজশাহীর বাঘা থানাধীন সিমলা বাজার এলাকায় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্থানীয় লোকজন তিনজনকে আটক করতে সক্ষম হন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের মারধর করেন বলে জানা গেছে।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে মান্দা থানা ও বাঘা থানা-পুলিশের সহায়তায় আটক তিনজনকে থানায় নেওয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১