
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে বড় বাজার এলাকার মিষ্টির কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মসলার বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় বাজারের মো. নাজিম উদ্দীনের মালিকানাধীন মেসার্স সৃষ্টি ডেইরির কারখানায় গিয়ে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ এবং তৈরি মিষ্টি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ ছাড়া খাবারে ব্যবহারের অনুপযুক্ত কাপড়ে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক রং মজুদের প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে অধিদপ্তর। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে দ্রুত এসব অনিয়ম সংশোধনের জন্য প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান চলাকালে বড় বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্যতালিকা প্রদর্শন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের বিষয়ে সচেতন করা হয়।এ সময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :