
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজায় সাবেক সংসদ সদস্য মো. মোতাহার হোসেনের পরিত্যক্ত বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার তরফ কামাল গ্রামের মো. সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার পিংগলাকাঠী গ্রামের মো. আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের মো. আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুর কোতোয়ালি থানার রামপুরা এলাকার প্রাইভেটকারচালক মো. মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাতীবান্ধা থানার এসআই মো. জাকিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান শেষে থানায় ফিরছিল। পথে দক্ষিণ গড্ডিমারী এলাকায় একটি সাদা প্রাইভেটকারকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ।
পুলিশের গাড়ি থামতেই প্রাইভেটকারের চালকের আসনে একজনকে দেখা যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিত্যক্ত বাড়ি থেকে আরও ৭-৮ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে চারজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে একটি ব্যাটারিচালিত গ্রাইন্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ড্রিল বিট, গ্রাইন্ডিং ব্লেড, স্লাইড রেঞ্চ, প্লাস, ক্যাবল কাটার, স্ক্রু ড্রাইভার, হ্যাক্স ব্লেড, লোহার ছেনি, বিভিন্ন ধরনের চাবি, কসটেপ, ছোরা ও লোহার দাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মানবপাচার ও চুরিসহ একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন আদালতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় হাতীবান্ধা থানায় দণ্ডবিধির ৩৯৮, ৩৯৯ ও ৪০২ ধারায় একটি মামলা হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :