
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর ছয়দানা মালেকের বাড়ি ও হারিকেন এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে একপর্যায়ে যান চলাচল স্বাভাবিক হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানা বুধবারের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যান্য কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা চলছে। শিল্পাঞ্চল ও মহাসড়কের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আপনার মতামত লিখুন :