প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ ৭৭
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল বৈঠক করেছেন। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিএমইএ নেতারা তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, বিশ্ববাজারে প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সহায়তার সার্বিক চিত্র তুলে ধরেন। আলোচনার মধ্য দিয়ে শিল্পের সমস্যা সমাধান ও নীতিগত সহায়তা সহজীকরণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণিজ্য মন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং বিজিএমইএ সভাপতির সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দেন।

এসময় দেশের তৈরি পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি ও সুরক্ষা নিশ্চিতে বিজিএমইএ-র পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাবনা পেশ করা হয়। কারখানাগুলোর উৎপাদন সচল রাখা এবং সঠিক সময়ে পণ্য শিপমেন্ট নিশ্চিত করতে গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি কাস্টমস, ব্যাংকিং ও সরকারি সেবা দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিশেষ একটি ব্যবস্থা চালুর জোর তাগিদ দেওয়া হয়। এ ছাড়া এনবিআর বা বন্ড কর্তৃপক্ষের ঘন ঘন অডিট জটিলতা দূর করতে শীর্ষস্থানীয় পেশাদার অডিট ফার্মগুলোর মাধ্যমে বার্ষিক কাস্টমস বন্ড অডিট সম্পাদন সংক্রান্ত স্থায়ী নীতিমালার প্রস্তাব করা হয়।

পোশাক খাতের লজিস্টিকস ও অবকাঠামোগত সংকট নিরসনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে এবং লিড টাইম কমাতে জরুরি ভিত্তিতে একটি ‘অস্থায়ী কার্গো শেড’ নির্মাণের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের বৃহত্তম পোশাক শিল্প হাব গাজীপুরের লাখ লাখ শ্রমিকের মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিএমইএ কর্তৃক একটি আধুনিক ‘শ্রমিক বিশেষায়িত হাসপাতাল’ নির্মাণের লক্ষ্যে উপযোগী খাস জমি বরাদ্দের আবেদন জানানো হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সহজ করা, কারখানার সম্প্রসারণে বিল্ডিং কোড সহজীকরণ এবং আগামী নভেম্বর ২০২৬-এ আয়োজিতব্য আন্তর্জাতিক মেলা ‘বাটেক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে সদয় সম্মতি প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে পোশাক খাতের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিল্প সুরক্ষায়, সচল কারখানাগুলোর স্থায়িত্ব নিশ্চিতে এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক নীতিগত সহায়তার আশ্বাস দেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা জনাব মাহদি আমিন এবং বিজিএমইএ-র ১ম সহসভাপতি সেলিম রহমান, সিনিয়র সহসভাপতি ইনামুল হক খানসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১