তিনবার বললাম, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: বিএনপি’র প্রার্থী মির্জা ফয়সল


নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ ৭০
তিনবার বললাম, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: বিএনপি’র প্রার্থী মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনবার বললাম, শতভাগ।’

সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেন মির্জা ফয়সল আমীন।

ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘আমি ভোট প্রদান করেছি। সবেমাত্র ভোট শুরু হয়েছে। প্রত্যাশা তো অবশ্যই জয়। আমরা নিরঙ্কুশ জয় লাভ করব, ইনশাআল্লাহ।’

ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে বিএনপির এই প্রার্থী বলেন, বাসা থেকে সরাসরি ভোটকেন্দ্রে এসেছেন। তাই এ মুহূর্তে সার্বিক পরিবেশ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। তবে তাঁর ধারণা, ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি।

আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফয়সল আমীন বলেন, এ বিষয়ে প্রশাসনই ভালো বলতে পারবে। তাঁর কাছে এলাকার সব ভোটারই সমান। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে চান। প্রশাসন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

ভোটার উপস্থিতি নিয়েও আশাবাদী বিএনপির প্রার্থী। আবহাওয়া কিছুটা খারাপ এবং বৃষ্টির আশঙ্কা থাকলেও ভোটারদের ভালো উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা। নির্বাচনী আচরণবিধি ও অনিয়ম তদারকিতে দায়িত্ব পালন করছেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এ ছাড়া চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

 

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১