তেহরানের সঙ্গে কেবল ‘আংশিক দর-কষাকষি’ করছে ওয়াশিংটন: ট্রাম্প


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ ৫৮
তেহরানের সঙ্গে কেবল ‘আংশিক দর-কষাকষি’ করছে ওয়াশিংটন: ট্রাম্প

ইরানকে মোকাবিলা করা অনেকটা দাবার খেলার মতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ‘কেবল আংশিক দর-কষাকষি’ করছে।

স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প জানান, ওয়াশিংটন এখন এ বিষয়ে ‘তেমন কোনো প্রচার’ ছাড়াই এগিয়ে নেয়ার নীতিতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে কেবল অর্ধেক দর-কষাকষি করছি। আমরা শুধু ইরানকে দেখছি, তাদের বিশাল মূল্যস্ফীতি রয়েছে এবং তাদের হাতে কোনো টাকা নেই।’

ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধে ‘খুব খারাপ অবস্থায়’ রয়েছে ইরান।

তবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৫ ডলারে নেমে আসায় এর প্রভাব মার্কিন ভোক্তাদের ওপর তুলনামূলকভাবে কম পড়ছে বলেও দাবি করেন তিনি। ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েনের ফলাফল নিয়ে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। তার ভাষায়, বিষয়টি অনেকটা দাবার খেলার মতো যেখানে, দুই পক্ষই পরিস্থিতি বুঝে একের পর এক চাল দিচ্ছে।

তবে, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান।

আরাঘচি জানান, বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হলেও সেটিকে আলোচনা বলা যায় না। কয়েকটি দেশ নতুন করে সংলাপ শুরুর চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে এমওইউ লঙ্ঘন বন্ধ করতে হবে এবং আগের লঙ্ঘনের ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে, হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আরাঘচি। তার দাবি, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। তবে ওমানের সঙ্গে সমঝোতা হলেও হরমুজ প্রণালি পুরোপুরি খুলবে না। প্রণালী পুনরায় খুলতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো সমঝোতা লঙ্ঘনের ঘটনা ঘটলে যুদ্ধের পথে না গিয়ে তা সমাধানে কমিটি গঠন করা উচিত। হরমুজ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত ছিল। ওয়াশিংটন তা না মানায় ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং শেষ পর্যন্ত সংঘাতের সূত্রপাত হয় বলে দাবি করেন তিনি।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১