ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম, এটা বেশি দিন টিকবে না-খামেনি


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম, এটা বেশি দিন টিকবে না-খামেনি

লাখোকণ্ঠ ডেক্সঃ আজ পবিত্র  ‍জুমার বিরল এক খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব কৃত্রিম, এটা বেশি দিন টিকবে না। ইসরায়েল পুরোপুরি আমেরিকার সহায়তায় নিজের অস্তিত্ব ধরে রেখেছে। তিনি বলেন, ইসরায়েলি বর্বর হামলা সত্ত্বেও হিজবুল্লাহ ও হামাস পিছু হটবে না।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার খুতবায় এ কথা বলেন খামেনি। প্রায় পাঁচ বছর পর জুমার খুতবা দিলেন তিনি। খুতবায় তিনি বিশ্বব্যাপী মুসলিমদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েল সরকারকে রক্তচোষা শাসকগোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রকে এ অঞ্চলে ‘পাগলা কুকুর’ বলেও অভিহিত করেন খামেনি।

সম্প্রতি ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তার প্রশংসা করে খামেনি বলেন, ‘কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান (ইসরায়েলে) ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এই হামলাকেও যৌক্তিক ও আইনসম্মত বলে অভিহিত করেন খামেনি। তিনি বলেন, এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই, ফিলিস্তিনি জনগণকে শুধু তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দোষারোপ করতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। লেবাননের শিয়াপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না।

তিনি বলেন, ‘এই শাহাদাতের জেরে এ অঞ্চলের প্রতিরোধ পিছু হটবে না এবং জয়ী হবে।’ আরব জনগণের উদ্দেশে আরবি ভাষায় এ খুতবায় তিনি বলেন, ইরান, ফিলিস্তিন, লেবানন, মিসর, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ‘শত্রু অভিন্ন’।

আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা, তাকে বাস্তব বলে মনে করছেন খামেনি। তবে তিনি বলেন, ইসরায়েল প্রশ্নে ইরান কোনো কিছুতেই ‘দ্বিধা’ করবে না বা ‘দীর্ঘসূত্রতা’ করবে না।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) কমান্ডার আব্বাস নিলফরোউশান এবং তেহরানে গত জুলাইয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলা নিতে ইসরায়েলে ইরানের প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তিন দিন পর খামেনি এই খুতবা দিলেন।

খুতবায় হাসান নাসরাল্লাহর উচ্ছ্বসিত প্রশংসা করেন ইরানের সর্বোচ্চ নেতা।  বলেন, আমাদের মাঝে হাসান নাসরাল্লাহর শরীরী উপস্থিতি না থাকলেও তাঁর পথ ও বক্তব্য আমাদের সঙ্গে থাকবে। তিনি ছিলেন অত্যাচারী দানবদের বিরুদ্ধে প্রতিরোধের ঝান্ডা। তিনি ছিলেন নির্যাতিত মানুষদের সাহসী কণ্ঠ ও সমর্থক। সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ সত্যসন্ধানী ও সত্যপথের সংগ্রামীদের উৎসাহ ও সাহসের উৎস ছিলেন। তাঁর জনপ্রিয়তা ও প্রভাবের পরিধি লেবানন, ইরান ও আরব দেশগুলোর গণ্ডিকে ছাড়িয়ে গিয়েছিল। এই মহান ব্যক্তির শাহাদাত তাঁর প্রভাবকে আরও বাড়িয়ে দেবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ, হামাস ও ইসলামী জিহাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বড় কোনো ক্ষতি করতে সক্ষম নয় বলেই নিকৃষ্ট ও অসভ্য শত্রু দখলদার ইসরায়েল বেসামরিক মানুষ হত্যাকে নিজের বিজয়ের লক্ষণ হিসেবে বিবেচনা করছে।

খামেনি সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন। ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন। বদলা হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এ ঘটনার পর খামেনি জুমার নামাজে ইমামতি করেছিলেন।

অন্যান্য ঘটনাপ্রবাহ

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর থেকে তাঁর সম্ভাব্য উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনকে দুনিয়া থেকে সরিয়ে দিতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।  তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

স্থানীয় সময় বুধবার রাতে বৈরুতে হিজবুল্লাহর নির্বাহী কমিটির প্রধান হাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে তিনি কী অবস্থায় রয়েছেন তা জানা যায়নি।

একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, হামলার সময় হাসেম সাফিউদ্দিন গভীর ভূগর্ভের একটি বাঙ্কারে অবস্থান করছিলেন। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের মতে, ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের দক্ষিণ শহরতলিতে অবস্থিত কথিত হিজবুল্লাহ সদর দপ্তরে প্রায় ৭৩ টন বোমা ফেলেছে। প্রতিবাদে দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে বৃহস্পতিবার দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের দুই সদস্য প্রাণ হারিয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের  এক কর্মকর্তা জেনেভায় প্রেস ব্রিফিংয়ে বলেন, লেবাননে সরকারের প্রতিষ্ঠিত প্রায় ৯০০টি যৌথ আশ্রয়কেন্দ্রের বেশির ভাগেরই আর কোনো জায়গা ফাঁকা নেই। ইউএনএইচসিআর উদ্বিগ্ন যে, ক্রমবর্ধমান সংঘাতে ক্ষতিগ্রস্তদের অবস্থা আরও খারাপ হবে।

এদিকে ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৪১ হাজার ৮০২ জন নিহত এবং ৯৬ হাজার ৮৪৪ জন আহত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।  এর মধ্যে সর্বশেষ ২৪-ঘণ্টায় ১৪ ফিলিস্তিনি নিহত এবং ৫০ জন আহত হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০