
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ জুন থেকে কার্যকর হওয়া এ বিশেষ সুবিধা আগামী ৯ জুলাই পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনো ধরনের ওভারস্টে জরিমানা ছাড়াই আমিরাত ত্যাগ করতে পারবেন অথবা নতুন ভিসার মাধ্যমে নিজেদের আবাসিক অবস্থান বৈধ করতে পারবেন।
আইসিপির তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত থাকায় অনেক বিদেশি নাগরিক নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরতে পারেননি। মানবিক বিবেচনায় তাদের ওপর আরোপিত ওভারস্টে জরিমানা সাময়িকভাবে মওকুফ করা হয়েছিল।
বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় পূর্বের সেই বিশেষ পরিস্থিতি আর বিদ্যমান নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই ক্ষতিগ্রস্তদের জন্য আবাসিক স্ট্যাটাস বৈধ করা অথবা জরিমানা ছাড়াই দেশ ত্যাগের এটিই শেষ সুযোগ বলে উল্লেখ করেছে আইসিপি।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ সুবিধা গ্রহণের জন্য আলাদা কোনো আবেদন বা জটিল প্রক্রিয়ার প্রয়োজন হবে না। যারা দেশ ছাড়তে চান, তারা সরাসরি বিমানবন্দর দিয়ে ভ্রমণ করতে পারবেন। আর যারা আমিরাতে বৈধভাবে অবস্থান অব্যাহত রাখতে চান, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী নতুন ভিসা বা আবাসিক স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করতে পারবেন।
এ বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা জানতে প্রবাসীদের শুধুমাত্র আইসিপির অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত যোগাযোগমাধ্যম অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :