৭৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে জবিতে প্রথম চাকরির মেলা


জবি প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ ৪২
৭৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে জবিতে প্রথম চাকরির মেলা

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয়ের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয়ভাবে প্রথমবারের মতো চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন খাতের ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় প্রায় দুই হাজার চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে দিনব্যাপী এ চাকরির মেলা অনুষ্ঠিত হয়। এতে শিল্প, বাণিজ্য, আর্থিক, প্রযুক্তি, শিক্ষা ও সেবাসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান তাদের চাকরির সুযোগ নিয়ে অংশ নেয়।

মেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল এমবিএ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও অংশ নেন। চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, চাকরির সুযোগ সম্পর্কে জানা এবং নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পান।

সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও জব ফেয়ার আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আলী নূর, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহপ্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন।

এদিকে দুপুরে মেলার প্রধান অতিথি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইন্টারটেক, আবুল খায়ের গ্রুপ, এসজিএস বাংলাদেশ লিমিটেড, আকিজ গ্রুপ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরএফএল গ্রুপ, প্রাণ, বীকন গ্রুপ, স্কয়ার গ্রুপ, শারিফ ফার্মাসিউটিক্যালস, স্টারডাস্ট টেলিকম, বিডিজবস ডটকম, জেনেক্স ইনফোসিস, গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড ফিন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, সেবপো, পাঞ্জেরী পাবলিকেশন্স, কোয়ান্টিগো এআই, স্টারলিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোং, মার্কেট এক্সপ্রেস, ট্যালি খাতা, লুপ ইঞ্জিনিয়ারিং, ছায়া টেকনোলজিস, ইউএস সফটওয়্যার লিমিটেড, আপস্কিল বাংলাদেশ, সিমটেক সলিউশন, রোবো টেক ভ্যালি, সাদিক আইটি, ইশিখন ডটকম, ফিউচার ক্লাউড বাংলাদেশ, ট্যালেন্ট প্রো, স্কয়ার ইন্টারন্যাশনাল, এডভয় বাংলাদেশ, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, বিডি কিউ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, ফ্লেয়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লোবাল স্কিলস, পিপলএনটেক লিমিটেড ও ইউনিসেফ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অংশ নেয় প্রাইম ব্যাংক পিএলসি, উত্তরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, এসবিএসি ব্যাংক পিএলসি এবং রেডি টু স্টাডি-এডুকেশন সার্ভিসেস।

মেলায় অংশ নেওয়া শিক্ষার্থীরা চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি সম্ভাব্য নিয়োগ, প্রয়োজনীয় যোগ্যতা ও পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০