অতিথি পাখির কলকাকলিতে মুখর পঞ্চগড়


মো. তোতা মিয়া, পঞ্চগড় প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ ২১
অতিথি পাখির কলকাকলিতে মুখর পঞ্চগড়

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনের সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় দেখা মিলছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির। শীতের প্রকৃতি, কুয়াশাচ্ছন্ন সকাল আর অতিথি পাখির কলকাকলিতে জেলার গ্রামাঞ্চলে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ।

পঞ্চগড়ে শীতের আগমন ঘটে তুলনামূলক আগে, আবার বিদায় নেয় দেরিতে। ভারতের সীমান্তঘেঁষা এ জেলার বিভিন্ন খাল, বিল, জলাশয় ও নদীতীরবর্তী এলাকায় শীত মৌসুমে অতিথি পাখির আনাগোনা বেড়ে যায়। রাতের নীরবতায় অনেক সময় শোনা যায় এসব পাখির ডাক। সকালে খাল-বিলের পানিতে ও আশপাশের জমিতে পাখিদের বিচরণ চোখে পড়ে।

জলাশয় ও ফসলের মাঠে বিভিন্ন পোকামাকড় খুঁজে খাবার সংগ্রহ করে এসব পাখি। কোথাও কোথাও অতিথি পাখির কলকাকলিতে ভোর হয় কৃষকের। বিকেল নামলে ঝাঁকে ঝাঁকে পাখি গাছের ডালে আশ্রয় নেয়। প্রকৃতির এই দৃশ্য স্থানীয় বাসিন্দাদের মুগ্ধ করে।

তবে অতিথি পাখির আনাগোনার সঙ্গে শিকারিদের তৎপরতার আশঙ্কাও রয়েছে। বিভিন্ন সময় পাখি শিকারের চেষ্টা দেখা গেলেও সচেতন মহল পাখি সংরক্ষণে সতর্ক রয়েছে। অতিথি পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে পাখি শিকার বন্ধে সচেতনতা ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমীরা।

এদিকে পঞ্চগড়ে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। মাঠে মাঠে কৃষক-কৃষাণীরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। শীতের সন্ধ্যায় গ্রামাঞ্চলের বাড়িতে বাড়িতে বসছে ভাপা ও চিতই পিঠার আসর। গুড়, ধনেপাতা, শুটকি ও সরিষা বাটার ভর্তার সঙ্গে পিঠা খাওয়ার আয়োজন গ্রামীণ জীবনে যোগ করেছে শীতের বিশেষ আমেজ।

তীব্র শীত অনুভূত হলে বয়স্কদের অনেকেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। গ্রামবাংলার এসব চিত্র পঞ্চগড়ের শীতকালীন জীবনযাত্রাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

শীতের আরেক আকর্ষণ উত্তরের আকাশে দৃশ্যমান হিমালয়ের পর্বতমালা, বিশেষ করে কাঞ্চনজঙ্ঘা। আকাশ পরিষ্কার থাকলে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দেখা যায় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। এ দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। পর্যটকদের আগমনে তেঁতুলিয়ার আবাসিক হোটেলগুলোতেও বাড়ে ব্যস্ততা।

তবে কাঞ্চনজঙ্ঘা দর্শন অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল। আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে পাহাড়ের, আর মেঘ বা কুয়াশায় ঢেকে থাকলে দর্শনার্থীদের ফিরতে হয় হতাশ হয়ে।

অতিথি পাখির বিচরণ, শীতের পিঠাপুলি, মাঠের ফসল আর কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য—সব মিলিয়ে শীতের পঞ্চগড় যেন প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের আবাস।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০