নানকের আগরতলায় পৌঁছানোর খবরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক বিএনপি


বাহাদুর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ণ ৮
নানকের আগরতলায় পৌঁছানোর খবরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক বিএনপি

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌঁছানোর খবরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নানকের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি আগরতলার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বিমানবন্দরে অবতরণ করে। এ খবর ছড়িয়ে পড়ার পর জেলার সীমান্তবর্তী তিন উপজেলা—কসবা, আখাউড়া ও বিজয়নগরে সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নেতা-কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বিশেষ করে সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

বুধবার দুপুরে সরেজমিনে সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এ সময় সংশ্লিষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান।

জেলা বিএনপির এ উদ্যোগের ফলে কসবা, আখাউড়া ও বিজয়নগরের সীমান্তসংলগ্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ এবং সমন্বয় কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস নয়। এ অবস্থান থেকেই তিনি নিজে সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শন করেছেন এবং নেতা-কর্মীদের সতর্ক ও সুশৃঙ্খল থাকার নির্দেশনা দিয়েছেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০