এরদোয়ানকে ‘লাজুক একনায়ক’ বলায় তুরস্কে কৌতুকশিল্পীর বিচার


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ ৫৯
এরদোয়ানকে ‘লাজুক একনায়ক’ বলায় তুরস্কে কৌতুকশিল্পীর বিচার

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ানকে ‘লাজুক একনায়ক’ বলায় দেশটির কৌতুকশিল্পী দেনিজ গোকতাসের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) আত্মপক্ষ সমর্থনের সময় ৩২ বছর বয়সি স্ট্যান্ড আপ কমেডিয়ান এমন সব বুদ্ধিদীপ্ত ও সরস মন্তব্য করেন; যা শুনে আদালতের অনেকেই হাসতে শুরু করেন৷

রসবোধ ও রাজনৈতিক ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য তুরস্কে খুব জনপ্রিয় দেনিজ গোকতাস৷ সম্প্রতি তার ডেড সি শো-র একটি ইউটিউব ভিডিওর ভিউ ৯০ লাখ ছাড়িয়ে যায়৷ তার এক সপ্তাহ পর, গত ৩ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে৷

এরদোয়ানকে অপমান করা, জনমনে ঘৃণা ছড়ানো এবং অপরাধ ও অপরাধীর প্রশংসা করার অভিযোগে বিচার চলছে তার। তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দেনিজ গোকতাসের৷

এরদোয়ান লাজুক একনায়ক

সোমবার ৮৮ দিন কারাভোগের পর দেনিজ গোকতাসের মামলার শুনানি শুরু হয়৷ অভিযোগপত্রে উল্লেখ করা বিষয়গুলোর মধ্যে একটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন সরকারি কৌঁসুলিরা৷ বিশেষ সেই অভিযোগটি হলো দেনিজ গোকতাস নাকি তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ানকে ‘লাজুক একনায়ক’ বলেছেন। ‘লাজুক একনায়ক’ বলার বিষয়টি অস্বীকার করেননি, তবে তা স্বীকার করলেও গোকতাস খুব জোর দিয়ে দাবি করেন, ‘লাজুক একনায়ক’ বলার মধ্যে ‘‘কোনো অপরাধমূলক উপাদান’ ছিল না।” আদালতকে তিনি বলেন, ‘‘একনায়ক কোনো গালি বা অপমানসূচক শব্দ নয়; এটি একটি রাজনৈতিক বৈশিষ্ট্য।”

দেনিজ গোকতাস আরও বলেন, ‘‘গত ২৫ বছর ধরে দেশ শাসন করা একটি দলের নেতা ও দেশের প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ানকে নিয়ে কোনো রাজনৈতিক কমেডি শো-তে তার নাম উল্লেখ না করা যেমন আন্তরিক হবে না, তেমনি বিষয়টি বাস্তবসম্মতও মনে হবে না।”

সব অভিযোগ অস্বীকার করে জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান বলেন, ‘‘কৌতুক শিল্পের প্রতি এরদোয়ান আরো সহনশীল হতে পারতেন।”

নেতারা কৌতুক সহ্য করতে পারে না

এর আগে কখনো তুরস্কের কোনো বিখ্যাত কমেডিয়ান বা কৌতুকশিল্পীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি- এ বিষয়টি উল্লেখ করে দেনিজ বলেন,  আগে “সমাজ ও ক্ষমতায় আসীনরা আজকের তুলনায় এ ধরনের সমালোচনা অনেক বেশি ইতিবাচকভাবে গ্রহণ করতেন।”

আত্মপক্ষ সমর্থনের সময় আক্ষেপ করে দেনিজ গোকতাস আরও বলেন, ‘‘বাক্‌স্বাধীনতা রক্ষার আইনগুলো কিন্তু সেই সময়ের পর বদলে যায়নি। অথচ আজ, একজন কৌতুকশিল্পীকে কারাগারে থাকতে হচ্ছে। কৌতুকশিল্প বদলায়নি, বদলেছে ক্রমশ ভঙ্গুর হয়ে পড়া নেতৃত্ব৷ তারা আর কৌতুক সহ্য করতে পারছে না।”

নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে দেনিজ গোকতাস বলেন, ‘‘আমার জীবন থেকে তিনটি মাস কেড়ে নেওয়া হয়েছে। তবে আমি ধূমপান ছেড়ে দিয়েছি৷ তাই জীবনের শেষ প্রান্তে এমনিতেই বাড়তি তিন মাস যোগ করে নেবো৷” এ কথা শুনে আদালতে উপস্থিত অনেকেই হেসে হাততালি দিতে শুরু করেন৷

তাকে কূপের মতো একটা সেলে আটকে রাখা হয়েছে

এরদোয়ানের ইসলামপন্থি-রক্ষণশীল সরকারের অনেক সমালোচকই গত কয়েক বছরে গ্রেপ্তার হয়েছেন৷ নানাভাবে দমন-পীড়নের শিকার হয়েছেন তারা৷ সেই তালিকায় সর্বশেষ সংযোজন দেনিজ গোকতাস। স্ট্যান্ড আপ কমেডিয়ান গোকতাস যখন আদালতে আত্মপক্ষ সমর্থন করছিলেন, বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে৷ বৃষ্টির মধ্যেই প্রায় ৫০ জন আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন৷ বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন ‘‘ডেনিস গোকতাস একা নন৷”

২২ বছর বয়সি ফাতিহ ইলমাজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘তাকে (দেনিজ গোকতাস) গ্রেপ্তারের পরও স্ট্যান্ড-আপ কমেডি চালিয়ে যাচ্ছি, আমি ভয় পাচ্ছি না, আমি তা চালিয়ে যাব। তার গ্রেপ্তার হওয়া আমাকে গর্বিত করেছে৷ তার দৃঢ়তা ও কারাগারে থেকেও যেভাবে তিনি কৌতুক করে যাচ্ছেন, তা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়।”

কর্মজীবন থেকে অবসর নেওয়া নেসরিন দেমিরকান এএফপিকে বলেন, ‘‘দেনিজ গোকতাস পেশাগত দায়িত্ব পালন করেছিলেন৷ সে কারণেই তাকে কূপের মতো একটা সেলে আটকে রাখা হয়েছে, বিষয়টি আমাকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে।”

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০