জাপান সফরকে ‘ঐতিহাসিক অর্জন’ বললেন রিজভী, দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ ৭৫
জাপান সফরকে ‘ঐতিহাসিক অর্জন’ বললেন রিজভী, দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফরকে ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে এ সফর।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, জাপান সফরে প্রায় ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ প্রতিশ্রুতিসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিরোধী দলের নেতিবাচক সমালোচনার মধ্যেও এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন বয়ে এনেছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, সফরের অর্জন কাজে লাগাতে পারলে বাংলাদেশ লুটপাটনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে বলে তিনি আশা করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এ ত্রুটি প্রধানমন্ত্রীর সফর কিংবা দেশে ফেরার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেনি।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় তখন রাত ৭টা ৫৬ মিনিট।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে দেশটিতে যান তারেক রহমান। সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।

সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

সফর শেষে দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে নেওয়া উদ্যোগগুলো বাস্তবায়নের পরবর্তী ধাপ শুরু হলো।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১