
শুক্রবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার চকবিলগাতুয়া-প্রাগপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে বিলগাতুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত প্রাগপুর বিওপি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
বিজিবির দাবি, বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে অবস্থান নেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন।
সূত্র জানায়, ওই ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার উজির আলীর পরিবারের ৫ সদস্য, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রফিকুল গাজীর পরিবারের ৩ সদস্য এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আফরোজা খাতুনের পরিবারের ৪ সদস্য রয়েছেন।
বর্তমানে তারা বাংলাদেশের প্রাগপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছেন বলে বিজিবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা ও স্থানীয় জনসাধারণ সতর্ক অবস্থান গ্রহণ করেছেন।
এদিকে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে প্রাগপুর বিওপির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :