সনদ জালিয়াতির অভিযোগ, তবুও পদোন্নতির পথে চট্টগ্রাম বন্দরের দুই মাস্টার


মোহাম্মদ ফোরকান, চট্টগ্রাম প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ ১৯
সনদ জালিয়াতির অভিযোগ, তবুও পদোন্নতির পথে চট্টগ্রাম বন্দরের দুই মাস্টার

চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগের দুই জাহাজ মাস্টারের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও সনদ অর্জনের প্রক্রিয়ায় জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবিতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একাধিকবার লিখিত আবেদন করা হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি অভিযোগকারীর। এর মধ্যেই অভিযুক্ত দুই কর্মকর্তা প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগের মো. তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বন্দরের নৌ বিভাগের সাবেক কর্মী মো. মামুন অর রশিদ। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আটবার লিখিত আবেদন করেছেন বলে দাবি করেছেন।

অভিযোগকারীর দাবি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বৈধ কর্ম-অভিজ্ঞতার নথি ছাড়াই ওই দুই কর্মকর্তা বিভিন্ন শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদ অর্জন করেছেন। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো কোনো তদন্তে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।

মামুন অর রশিদের অভিযোগ, ইমাম হোসেন সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদ অর্জন না করেই প্রথম শ্রেণির সনদ পেয়েছেন। ২০১৭ সালে চাকরিতে যোগ দেওয়া ইমামের সনদ অর্জনের প্রক্রিয়ায় একটি প্রভাবশালী সিন্ডিকেটের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

অভিযোগকারীর দাবি, সনদ অর্জনের নিয়ম ও প্রয়োজনীয় যোগ্যতা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

অন্যদিকে মো. তৌহিদুল ইসলামের চাকরিতে যোগদান ও পরবর্তী সনদ অর্জনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

২০১৪ সালের একটি দপ্তরাদেশ অনুযায়ী, তৌহিদুল জাহাজের ইঞ্জিন চালকের (ইডি) অধীনে ক্লিনার হিসেবে চাকরিতে যোগ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই পদ থেকে জাহাজের মাস্টার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে আপত্তি তুলেছেন মামুন অর রশিদ।

অভিযোগে তৎকালীন হারবার মাস্টার জহিরুল ইসলামের সঙ্গে তৌহিদুলের আত্মীয়তার সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, এ সম্পর্কের প্রভাবেই তৌহিদুল ধারাবাহিকভাবে সনদ অর্জনের সুযোগ পেয়েছেন।

জহিরুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলার বিষয়টিও অভিযোগকারী সামনে এনেছেন। তবে ওই তদন্তের সঙ্গে তৌহিদুলের সনদ অর্জনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

অভিযোগকারীর দেওয়া তথ্য অনুযায়ী, তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন যখন তৃতীয় শ্রেণির ইনল্যান্ড জাহাজের মাস্টার ছিলেন, তখন থেকেই তাঁদের সনদ ও যোগ্যতা নিয়ে আপত্তি জানিয়ে আসছেন তিনি। একাধিকবার লিখিত অভিযোগ জমা দেওয়ার পরও তাঁদের সনদ অর্জন ও পদোন্নতির প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে দাবি তাঁর।

  • তৌহিদুল-ইমামের বিরুদ্ধে ৮ বার অভিযোগ
    তদন্তের অগ্রগতি নেই বলে অভিযোগ
    অভিযোগ নিষ্পত্তির আগেই প্রথম শ্রেণির মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ

সর্বশেষ তাঁরা প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে। এতে অভিযোগগুলোর তদন্ত ও নিষ্পত্তির আগে কীভাবে তাঁদের উচ্চতর সনদ অর্জনের প্রক্রিয়া চলমান থাকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইমাম হোসেন ও তৌহিদুল ইসলামের মুঠোফোন এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার জহিরুল ইসলাম অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘ভাই, কোনো নিয়োগের সময় এলে একটি পক্ষ বিরোধিতায় নেমে পড়ে। এটা তারই অংশ। আসলে ওরা চায় বন্দরে কোনো নিয়োগ না হোক।’

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. মোতাহার হোসেন বলেন, ‘মৌখিক পরীক্ষা হবে, এটা জানি। বাকি বিষয় সম্পর্কে আমি আর কিছু জানি না। সচিবের কাছে জিজ্ঞাসা করতে পারেন।’

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০