চুয়াডাঙ্গা টিটিসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ণ ১০
চুয়াডাঙ্গা টিটিসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, দুদকের অভিযান

চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ উপকরণ, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক খালিদ।

অভিযোগ রয়েছে, বাজারমূল্যের তুলনায় কয়েকগুণ বেশি দাম দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি, একই দিনে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে একই ধরনের পণ্য কেনাকাটা দেখানো, মালামাল সরবরাহ না করেই বিল উত্তোলন এবং জ্বালানি ব্যবহারে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুছাবেরুজ্জামানের সঙ্গে কথা বলেন। পাশাপাশি কেনাকাটাসংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করেন এবং মালামাল সরবরাহকারীদের সঙ্গে কথা বলেন।

এর আগে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) চুয়াডাঙ্গা টিটিসির কেনাকাটায় অনিয়ম নিয়ে ‘৫৫০ টাকার সিমেন্ট ১১৮০, ১১ টাকার ইট ২৭—কেনাকাটায় হরিলুট চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা স্ট্রিম ও বাংলা স্ট্রিম।

প্রকাশিত প্রতিবেদনে অনুসন্ধানের বরাত দিয়ে বলা হয়, একটি ইটের দাম ২৭ টাকা, এক ব্যাগ সিমেন্টের দাম ১ হাজার ১৮০ টাকা, একটি সাধারণ সুইচের দাম ৭২ টাকা এবং এক লিটার মবিলের দাম ১ হাজার টাকা দেখানো হয়েছে। এসব মূল্য বাজারদরের তুলনায় দুই থেকে পাঁচ গুণ বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতি তিন মাস পরপর অতিরিক্ত দামে মালামাল কেনাকাটার অভিযোগও উঠে আসে।

দুদক কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, “চুয়াডাঙ্গা টিটিসির বিরুদ্ধে এটি রেকর্ডনির্ভর অভিযান। এখন পর্যন্ত রেকর্ড ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। সব তথ্যপত্র সংগ্রহের পর তা পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।”

অভিযান শেষে সংগৃহীত নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে দুদক সূত্রে জানা গেছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০