শহীদ মিনারে ২৪ দফা ইশতেহার ঘোষণা জাতীয় নাগরিক পার্টির


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২৫, ১০:০০ অপরাহ্ণ ৪৮
শহীদ মিনারে ২৪ দফা ইশতেহার ঘোষণা জাতীয় নাগরিক পার্টির

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সূচিত হওয়া এক দফা আন্দোলনের বর্ষপূর্তিতে দেশে ‘ফ্যাসিবাদী ব্যবস্থা’ সমূলে উৎপাটনের লক্ষ্যে নতুন রূপরেখা ঘোষণা করেছে তরুণদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে দলটির পক্ষ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে ২৪ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এই ইশতেহারে ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠার ডাক দিয়ে সংবিধান সংশোধন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারসহ বিভিন্ন খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত বছরের আগস্টে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, “আমাদের এক দফা দাবি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করা। কেবল এক শাসককে হটিয়ে আরেক শাসকের উত্থানের সম্ভাবনা জিইয়ে রেখে আমরা ঘরে ফিরতে পারি না। রাষ্ট্র ও সমাজে জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাটনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের এক বছর পর এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আপনাদের সামনে আমাদের দ্বিতীয় রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এনসিপির ঘোষিত ২৪ দফার মধ্যে উল্লেখযোগ্য হলো: জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচারব্যবব্যবস্থা ও আইন সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী স্থানীয় সরকার, সর্বজনীন স্বাস্থ্য ও টেকসই শিক্ষানীতি, কল্যাণমুখী অর্থনীতি এবং শ্রমিক-কৃষকের অধিকার প্রতিষ্ঠা, নারী নিরাপত্তা ও ক্ষমতায়ন, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি ও জাতীয় প্রতিরক্ষা কৌশল

সমাবেশে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, আমাদের রাজনীতি হলো সমস্যা সমাধানের রাজনীতি। আমরা দেশব্যাপী ঘুরে মানুষের সমস্যা শুনেছি। আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলব, যেখানে দেশের সকল নাগরিকের স্বাস্থ্যের তথ্য ডেটাবেজে থাকবে। এতে অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসা বন্ধ হবে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, “আমরা এমন রাজনীতি করব, যেখানে সকল দলমতের মানুষ স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারবে এবং প্রবাসীরাও ভোট দেওয়ার অধিকার পাবে। অন্যদিকে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বাহাত্তরের সংবিধানের কঠোর সমালোচনা করে বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, বাহাত্তরের সংবিধান ছিল একটি দলের, যা অন্য দেশ থেকে পাস হয়ে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চ থেকে মুজিববাদী সংবিধান ভেঙেচুরে ফেলে নতুন সংবিধান চাইতে এসেছি।

সারজিস আরও বলেন, এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল, তাদের অনেকে আজ শহীদ। আমরা সেই শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি। আমরা শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহত যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১