পঞ্চগড় প্রতিনিধি: ইসলামীর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ে আসছেন। তাঁর সফরকে ঘিরে জেলার রাজনৈতিক পরিবেশে আলোচনা ও উত্তেজনা বেড়েছে। দলীয় নেতাকর্মীরা প্রস্তুতিতে ব্যস্ত থাকলেও, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পক্ষগুলো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
অভিযোগে বলা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী সভাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচারণার উদ্দেশ্যে যেকোনো ধরনের গেইট বা তোরণ নির্মাণ নিষিদ্ধ। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে এমন স্থাপনাও নিয়মবহির্ভূত। পর্যবেক্ষকদের মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতা তৈরি করতে পারে। সচেতন নাগরিক ও নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, সফরকে কেন্দ্র করে যেন কোনো পক্ষ নিয়ম ভাঙতে না পারে, সে জন্য প্রশাসনের কঠোর নজরদারি জরুরি। তারা মনে করেন, সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা প্রয়োজন।
প্রশাসন সূত্র জানিয়েছে, আচরণবিধি বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছে। মাঠ পর্যায়ে মনিটরিং বাড়ানো হয়েছে এবং নিয়ম ভাঙার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে। সব পক্ষের অংশগ্রহণে রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণ হলেও নির্বাচনী আচরণবিধি মানা এবং আইনগত শৃঙ্খলা বজায় রাখাই এখন বড় প্রত্যাশা।
আপনার মতামত লিখুন :