লাখোকণ্ঠ ডেস্ক: যৌন হয়রানির মামলায় বড় ধাক্কা খেলেন হলিউড অভিনেত্রী ব্লেক লাইভলি। সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে করা ১৩টি অভিযোগের মধ্যে ১০টিই সরাসরি খারিজ করে দিয়েছে আদালত। গত ৩ এপ্রিল আদালতের এই রায়ের ফলে আইনি লড়াইয়ে বেশ পিছিয়ে পড়লেন এই তারকা। ২০২৪ সালের ডিসেম্বরে ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছেন দাবি করে সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে মামলা করেন ব্লেক লাইভলি।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত মূল অভিযোগগুলোর একটি বড় অংশ বাদ দিয়ে দিয়েছে, যা এই ‘গসিপ গার্ল’ তারকার জন্য বড় আইনি পরাজয় হিসেবে দেখা হচ্ছে। জুরি ট্রায়াল শুরু হওয়ার এক মাস আগেই আদালত এই রায় ঘোষণা করে। বালডোনি ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগের মধ্যে আদালত মাত্র ৩টি অভিযোগ আমলে নিয়েছে। এর মধ্যে রয়েছে—মানসিক যন্ত্রণা দেওয়া, কাজে হস্তক্ষেপ ও প্ররোচনা। বাকি ১০টি অভিযোগেই বিবাদীদের জামিন দেওয়া হয়েছে।
রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লেক লাইভলি একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমি কোনোদিন মামলা করতে চাইনি। কিন্তু কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ চাওয়ায় আমাকে যে ধরনের প্রতিহিংসার শিকার হতে হয়েছে, তার বিচার পেতেই এই লড়াই। তিনি এই ঘটনাকে ‘ডিজিটাল সহিংসতা’ ও ‘নির্যাতন’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে জাস্টিন বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান দাবি করেছেন, আদালত অবশেষে সত্যটা জানতে পেরেছে। তার দাবি অনুযায়ী, বালডোনি বা অন্য কোনো অভিযুক্ত ব্লেক লাইভলিকে কোনো ধরনের যৌন হয়রানি করেননি। উল্লেখ যে, আগামী ১৮ মে এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র : ফিনান্সিয়াল এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :