
আয়োজকেরা জানান, নিম্ন আয়ের পরিবারের দক্ষ বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১২টি প্রতিষ্ঠান অংশ নেয়। দুই শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রত্যাশী সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়া এবং জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান। এর মধ্যে তাৎক্ষণিকভাবে ৮২ জনের চাকরি নিশ্চিত হয়। এছাড়া ভবিষ্যৎ নিয়োগের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আরও অনেক প্রার্থীর জীবনবৃত্তান্ত সংরক্ষণ করে।
মেলায় প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী এবং প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের মহাব্যবস্থাপক আলাউদ্দিন খান। সভাপতিত্ব করেন ফেনী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, বর্তমান শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা ক্রমেই বাড়ছে। দক্ষ জনশক্তিই দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিতে পারে। তিনি তরুণদের দক্ষতাভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় ওয়ালটন, প্রাণ, স্টার লাইন গ্রুপ, ক্রাউন সিমেন্ট, আবুল খায়ের গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।:::
ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :