
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তির কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা পার্শ্ববর্তী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তির নাম আব্দুস সামাদ খোকন (৪৫)। তিনি সাদাপুর গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভেড়িগাঁও গ্রামের কয়েকজন সচেতন নাগরিক খোকনকে সন্দেহজনক অবস্থায় আটক করেন। পরে বিষয়টি রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়াকে জানানো হয়। ওসির নির্দেশনায় ডিউটিরত কর্মকর্তা আলমগীর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
উপস্থিত স্থানীয়দের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন স্বীকার করেছেন যে তিনি গোবিন্দপুর গ্রামের শিপন নামের এক ব্যক্তির কাছ থেকে গাঁজা সংগ্রহ করেছিলেন। এছাড়া তার কাছে থাকা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পার্শ্ববর্তী মুন্নিয়া নদীতে ফেলে দিয়েছেন বলেও তিনি উপস্থিত লোকজনের কাছে দাবি করেন।
পুলিশ এই অভিযোগের সত্যতা যাচাই ও বিস্তারিত অনুসন্ধানে কাজ করছে।এদিকে সাদাপুর ও আশপাশের এলাকার সচেতন মহল দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই মাদক সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :