
নিহত জোবায়ের হোসেন পারভেজ ওই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জোবায়েরকে সর্বশেষ দেখেন তাঁর বাবা। শনিবার ভোরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
নিহতের ছোট ভাই অভিযোগ করেন, একই গ্রামের শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে জোবায়েরের দোকানসংক্রান্ত বিরোধ ছিল। সম্প্রতি এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।
খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আবু তাহের বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :