৬ নদীর পানি বিপৎসীমার ওপরে, চার বিভাগে বন্যার শঙ্কা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ ৯৮
৬ নদীর পানি বিপৎসীমার ওপরে, চার বিভাগে বন্যার শঙ্কা

ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে দেশের ৬ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে চার বিভাগে স্বল্পস্থায়ী বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক সতর্কবার্তায় বৃহম্পতিবার (৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, সাঙ্গু নদী বান্দরবান (বান্দরবান) ও দোহাজারী (চট্টগ্রাম) স্টেশনে; মাতামুহুরি নদী লামা (কক্সবাজার) ও চিরিঙ্গা (চট্টগ্রাম) স্টেশনে; মনু নদী মনু রেল সেতু (মৌলভীবাজার) ও মৌলভীবাজার (মৌলভীবাজার) স্টেশনে; খোয়াই নদী বাল্লাহ (হবিগঞ্জ) ও হবিগঞ্জ (হবিগঞ্জ) স্টেশনে; ধলাই নদী কমলগঞ্জ (মৌলভীবাজার) এবং কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুদিন সিলেট, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বন্যা সতর্কতায় জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি নদীর পানি সমতলে বাড়তে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে।

অপরদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতলে স্থিতিশীল থাকতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অপরদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুলাই-কংস ইত্যাদি নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে ও নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা- কুশিয়ারা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে; যা আগামী তিনদিন দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা অবনতি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার তিস্তা নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এছাড়াও আগামী ৭২ ঘণ্টায় লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে বৃদ্ধি পেয়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১