পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত ম.র.দে.হ উদ্ধার


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ ৮৬
পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত ম.র.দে.হ উদ্ধার

ফেনীর পরশুরামে এক শিক্ষিকার বাসা থেকে ফারজানা আক্তার প্রিয়া (১৪) নামে এক কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলা পরিষদ গেটসংলগ্ন ‘কাদের টাওয়ার’-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত প্রিয়া নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার সাইফুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, দীর্ঘ সময় চেষ্টা করেও তাঁর মা-বাবা বা নিকটাত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া প্রায় তিন বছর ধরে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদা আক্তার তিমুর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ওই বাসায় শিক্ষিকা তাঁর আট বছর বয়সী ছেলেকে নিয়ে থাকতেন। তাঁর স্বামী ঢাকায় কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার একটি কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় প্রিয়াকে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ‘K+P’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে চিরকুটটির সঙ্গে মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের আগে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, প্রিয়ার বাবা-মায়ের বিচ্ছেদের পর তাঁরা আলাদা হয়ে যান। পরে তাঁর নানি এক ব্যক্তির মাধ্যমে প্রিয়াকে ওই বাসায় কাজে দেন। এর আগে একবার বাসা ছেড়ে চলে গেলে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। স্থানীয় কয়েকজনের ভাষ্য, শিক্ষিকা মাঝে মধ্যে প্রিয়াকে বকাঝকা করতেন। তবে এসব তথ্যের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সহকারী শিক্ষক জাহেদা আক্তার তিমু বলেন, সকালে প্রিয়াকে বাসায় রেখে তিনি বিদ্যালয়ে যান। বিকেলে ফিরে অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় ভবনের কর্মচারীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে প্রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১