
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের সঙ্গে আনাসের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে আনাসের বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়েছিল।
এ উপলক্ষে রাতে বাড়িতে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজের তদারকি করছিলেন আনাস। রাত দুইটার দিকে প্যান্ডেলের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনাসের বাবা ইউসুফ আলী বলেন, ‘বিকেলে কত আনন্দ করে বউকে ঘরে নিয়ে এলাম। শুক্রবার সবাইকে ডেকে খাওয়ানোর আয়োজন করেছিলাম। কিন্তু আমার ছেলেটাই আর সেই আনন্দে অংশ নিতে পারল না।’
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন বলেন, শুক্রবার বৌভাতের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটির সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :