
গত রোববার (২৩ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর এলাকায় শ্যামল বাংলা রিসোর্ট প্রাঙ্গণে ‘কেরানীগঞ্জ সার ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মেডিকেল সেন্টারটির উদ্বোধন করা হয়।
ইঞ্জিনিয়ার মো. তৌফিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. তৌহিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহিম, ঢাকা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তৌহিদ হাসান বলেন, “কেরানীগঞ্জের গরিব ও অসহায় মানুষ যেন বুড়িগঙ্গা পার হয়ে ঢাকার মূল শহরে না গিয়ে নিজ এলাকাতেই মানসম্মত চিকিৎসা পান, সেই তাগিদ থেকেই আমাদের এই উদ্যোগ।”
তিনি জানান, সেন্টারটিতে ক্যান্সার রোগীদের বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি একেবারে অসচ্ছল রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে। মেডিসিন, সার্জারি, গাইনি, ইউরোলজি, নেফ্রোলজি, চক্ষু, দন্ত ও শিশু বিভাগসহ বিভিন্ন শাখার বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত রোগীদের সেবা দেবেন।
ভবিষ্যতে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন ডা. তৌহিদ হাসান। মানবকল্যাণমূলক এ উদ্যোগকে সফল করতে তিনি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :