
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রবীণ সাংবাদিক ও ‘চলো হাসি ছড়াই’-এর উপদেষ্টা কামরুজ্জামান বাদশার আয়োজনে গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাকির আহমদের ১৮ আগস্ট ২০২৬ তারিখের ৪৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘চারাগাছে জন্মদিন পালন করি, সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রাখা হয়।
আয়োজকরা জানান, জন্মদিনকে আত্মকেন্দ্রিকভাবে পালন না করে এর আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্যতিক্রমী নিয়মে জন্মদিন, জন্মমাস, জন্মসাল ও কততম জন্মদিন—এই সংখ্যাগুলোর যোগফল অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়। এবারের আয়োজনে ৯৭ জন শিক্ষার্থীর মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদ, রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমদ, ‘চলো হাসি ছড়াই’-এর উপদেষ্টা কামরুজ্জামান বাদশা, বিভাগীয় লেখক পরিষদের দপ্তর সম্পাদক বাবুল সরকার, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আঁখের মিঞা, সহকারী শিক্ষক এটিএম আব্দুল কুদ্দুস, কামরুল হাসান, আনোয়ার হোসেন ও ওয়াহিদুল গণি।
জন্মদিনের আয়োজনে জাকির আহমদ বলেন, “আমি কৃতজ্ঞতা ও আনন্দচিত্তে আয়োজককে ধন্যবাদ জানাই। জন্মদিন উপলক্ষে বিতরণ করা এসব গাছ শুধু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে না, আমাকে স্মরণীয়ও করে রাখবে।”
গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আঁখের মিঞা বলেন, “নিঃসন্দেহে এটি একটি ব্যতিক্রমী জন্মদিন পালন। এর মধ্যে সুদূরপ্রসারী পরিকল্পনা ও শিক্ষণীয় বিষয় রয়েছে।”
আয়োজকদের এমন উদ্যোগ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
আপনার মতামত লিখুন :