
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারপ্রধানকে প্রথমে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হয়। পরে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে তাঁকে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য পৃথক আমন্ত্রণ দেওয়া হয়।
ভারতের বক্তব্য অনুযায়ী, ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছিল। এ ধরনের আউটরিচ অধিবেশনে আঞ্চলিক জোটের প্রধানদের আমন্ত্রণ জানানো ব্রিকসের প্রচলিত প্রক্রিয়ার অংশ বলেও এর আগে ভারত জানিয়েছিল।
তবে এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি; আমন্ত্রণটি দেওয়া হয়েছিল বিমসটেকের চেয়ারম্যানকে। এ কারণে প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নেবেন না বলেও তিনি জানিয়েছিলেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আউটরিচ অধিবেশনে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর পাশাপাশি আমন্ত্রিত নেতারাও অংশ নেন।
এদিকে, দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণটি আলাদা এবং তা এখনো বহাল রয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে উঠে এসেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :