
সন্ধ্যা ৭টার পর প্রায় একই সময়ে মিরপুর-১১ ও মিরপুর-১ এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে রাত পৌনে ৮টার দিকে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে ‘আলিফ এন্টারপ্রাইজ’ নামে একটি স্টাফ বাসে আগুন লাগে।
রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে সন্ধ্যার পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে সামাদ সুপার মার্কেটের সামনে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এতে মো. বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
এ পরিস্থিতিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার চারটি গুরুত্বপূর্ণ পথেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :