
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন। এ ছাড়া কুমিল্লা বোর্ডে ১ হাজার ৩১৩ জন, সিলেটে ১ হাজার ২০৪ জন, বরিশালে ৯৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৮৬ জন জিপিএ-৫ পেয়েছেন। এসব বোর্ডের প্রতিটিতে পৃথকভাবে নটর ডেম কলেজের চেয়ে কম শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
কুমিল্লা ও বরিশাল—এই দুই শিক্ষা বোর্ডে সম্মিলিতভাবে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৬৩ জন। সে হিসাবে দুই বোর্ডের মোট সংখ্যার চেয়ে নটর ডেম কলেজের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৪ জন কম।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে নটর ডেম কলেজের শিক্ষার্থীর সংখ্যা ৬ দশমিক ২ শতাংশ। অন্যদিকে, ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া ১৬ হাজার ৭১৪ জনের মধ্যে ১৩ দশমিক ৩ শতাংশই এই কলেজের শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডের ফল অনুযায়ী, এবার নটর ডেম কলেজ থেকে ৩ হাজার ২৫৬ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। কলেজটির পাসের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন। এ বিভাগ থেকে ২ হাজার ১২২ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন।
বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া জিপিএ-৫-এর এই সংখ্যা কুমিল্লা, সিলেট, বরিশাল ও কারিগরি শিক্ষা বোর্ডের পৃথক জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার চেয়েও বেশি।
তবে গত বছরের তুলনায় এবার নটর ডেম কলেজের পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে ২ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে বছর পাসের হার ছিল ৯৯ দশমিক ৬০ শতাংশ। এবার তা কমে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশে।
এদিকে, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। একই সঙ্গে এসব বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর ৬৩ হাজার ২১৯ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন।
আপনার মতামত লিখুন :