জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় শহরে


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২৬, ৮:১২ পূর্বাহ্ণ ৫৯
জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি, হচ্ছে না বিভাগীয় শহরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। তবে এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ অক্টোবর) ভর্তি পরীক্ষা-সংক্রান্ত কমিটির প্রথম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে শুক্র ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার পর শিফটের সংখ্যা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম বলেন, জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে সেখানে পরীক্ষার কেন্দ্র ও সময়ের স্লট আগে থেকেই নির্ধারিত থাকায় এ বছর বিভাগীয় শহরে পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ পরবর্তী শিক্ষাবর্ষের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে।

এবার ভর্তি পরীক্ষার ইউনিট বিন্যাস গত বছরের মতোই থাকছে। তবে আইন ও বিচার বিভাগ এবার সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আগে বিভাগটি নতুন কলা অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিত।

এদিকে, ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ভিত্তিতে বরাদ্দ নম্বর ২০ থেকে কমিয়ে ১০ করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এমসিকিউ পরীক্ষায় থাকবে ৯০ নম্বর। সব মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি ও অন্যান্য নির্দেশনা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১