মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে জাবিতে মোমবাতি প্রজ্বলন


জাবি প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ ৪৭
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে জাবিতে মোমবাতি প্রজ্বলন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে মোমবাতি প্রজ্বলন করেন তাঁরা।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী দুর্বার আদি বলেন, পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়।

তিনি প্রশ্ন তোলেন, মুক্তিযুদ্ধে অবদান রাখা এবং সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া কি অপরাধ, যার কারণে একজন মুক্তিযোদ্ধাকে নিজ জন্মভূমিতে শেষ ঠিকানা পেতে বাধার মুখে পড়তে হবে?

দুর্বার আদি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছেন। বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস যত দিন থাকবে, তত দিন মানিক পশারীর মতো মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ঘটনার প্রতিবাদে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী সোমা ডুমরী বলেন, আইনি কার্যক্রমে সাক্ষ্য দেওয়ার কারণে কারও মরদেহ দাফনে বাধা সৃষ্টি করা হয়ে থাকলে তা নাগরিক অধিকার ও বিচারব্যবস্থার জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা এবং নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে। বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অপরাধের ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার (২৪ অক্টোবর) সকালে ৮৭ বছর বয়সে মারা যান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। তিনি প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন। তাঁর মরদেহে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও পিরোজপুরে দাফন নিয়ে বাধা সৃষ্টির অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরে পুলিশি নিরাপত্তায় শনিবার গভীর রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের নিজ বাড়িতে তাঁকে দাফন করা হয়।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১