প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ ৮২
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তার এ সফর দুদিন পেছানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রীর সফরের নতুন এ তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষ করে একই দিন তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে গতিশীল হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টি নিয়েও আলোচনা হতে পারে। নানা সংকট ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন উৎপাদনহীন থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর এ সফরে মিল দুটি পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন জেলাবাসী।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

এর আগে, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৩০ নভেম্বরের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সার্বিক বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০