নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১০

এম আর মাইনউদ্দীন, নরসিংদী: নরসিংদীতে চাঁদা দাবির প্রতিবাদ করায় ঢাকায় কর্মরত সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় কর্মরত কয়েকজন সাংবাদিক একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাসযোগে ফেরার সময় সন্ত্রাসীদের চাঁদা দাবির মুখে পড়েন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, মনির হোসেনসহ ক্র্যাবের স্টাফ, বাসের চালক ও হেলপার। আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন জানান,
“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

আর্কাইভ