কুষ্টিয়ায় আগুনে পুড়লো রেস্তোরাঁ’সহ জুস ওয়ার্ল্ড ও খানাপিনা নামের আরও দুটি দোকান


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৮ অপরাহ্ণ
কুষ্টিয়ায় আগুনে পুড়লো রেস্তোরাঁ’সহ জুস ওয়ার্ল্ড ও খানাপিনা নামের আরও দুটি দোকান

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:কুষ্টিয়ায় আগুনে পুড়ে গেছে কাবাব স্টেশন নামের একটি রেস্তোরাঁ। এসময় আগুন ছড়িয়ে পড়লে পাশে থাকা আরও দুটি দোকান পুড়ে যায়। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডের বাটারফ্লাই মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর আব্দুস সালাম জানান, বিকেলে কাবাব স্টেশন নামের একটি রেস্তোরাঁর চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় আগুনের তাপে পাশে থাকা বড় গ্যাস সিলিন্ডার পাইপ ফুটো হয়ে গ্যাস বের হলে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কাবাব স্টেশন ছাড়াও জুস ওয়ার্ল্ড ও খানাপিনা নামের আরও দুটি দোকান পুড়ে গেছে।

 

আগুনে কী প‌রিমাণ আর্থিক ক্ষ‌তি হ‌য়ে‌ছে সে বিষয়ে তি‌নি ব‌লেন, তিন‌টি প্রতিষ্ঠানের কিছুই অব‌শিষ্ট নেই। আমরা নি‌জেরা এক‌টি লিষ্ট তৈ‌রি কর‌ছি। মা‌লিকপ‌ক্ষের সঙ্গে কথা ব‌লে মোট ক্ষ‌তির প‌রিমাণ জানা যা‌বে।

 

মাসুদ রানা নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হঠাৎ কালো ধোঁয়া দেখতে পাই। এরপর দেখি রেস্টুরেন্টের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে।’

 

ক্ষতিগ্রস্ত জুস ওয়ার্ল্ডের মালিক মো. তানিম বলেন, ‘কয়েক মাস আগেই বিভিন্ন ফল দিয়ে বানানো জুসের দোকানে নতুন করে বিনিয়োগ করেছিলাম। সব পুড়ে শেষ হয়ে গেছে। আমার পাঁচ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।