
গ্রেপ্তার সানোয়ার মোল্লা সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে। তিনি উজানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ইউসুফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সানোয়ার মোল্লা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনির নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইউসুফ শেখ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া শহরের ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন এলাকায় হামলার শিকার হন। পরে গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে মোছা. সীমা বাদী হয়ে ২০২৪ সালের ১৮ আগস্ট কুষ্টিয়া মডেল থানা-এ হত্যা মামলা করেন। মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, সানোয়ার মোল্লার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও কুষ্টিয়া মডেল থানায় আরও একাধিক মামলা রয়েছে।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিব উদ্দিন জনি বলেন, ইউসুফ শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সানোয়ার মোল্লাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :