‘হালিশহরের অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’
প্রতিনিধি
প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : চট্টগ্রামের হালিশহরে মর্মান্তিক বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। আজ ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে তিনি সেখানে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ রোগীদের খোঁজ খবর নেন। হাসপাতাল পরিদর্শনকালে সাঈদ আল নোমান চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিদগ্ধদের বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। পাশাপাশি তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সাঈদ আল নোমান বলেন, হালিশহরের এই মর্মান্তিক দূর্ঘটনায় দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন হলে অতিরিক্ত চিকিৎসা সহায়তাও প্রদান করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হালিশহরের ঘটনায় দগ্ধ সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে মঙ্গলবার সকাল সাতটার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শাওন (১৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২ জনে। বর্তমানে আরও সাতজন দগ্ধ রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিদর্শন শেষে সাঈদ আল নোমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :