
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুরের দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে এই আদেশ দেন। সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান, নিম্ন আদালতের দেওয়া দুই দিনের রিমান্ড আদেশের বিরুদ্ধে তারা দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত সুরভীর বয়স ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল করেন এবং আইনজীবীর জিম্মায় চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এদিকে, সুরভীর বয়স নিয়ে আদালতে ভুল তথ্য উপস্থাপন করায় তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুককে কঠোর ভাষায় ভর্ৎসনা ও শোকজ করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফজলুল মাহদির আদালত। আদেশে বিচারক উল্লেখ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তার ‘চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার’ কারণে আসামির বয়স নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে প্রকৃত বয়স নির্ধারণ জরুরি। আগামী ৩ কার্যদিবসের মধ্যে আসামির মূল এনআইডি বা অনলাইন জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে এই অসঙ্গতির ব্যাখ্যা দিতে বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তাকে।
গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। পুলিশ তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সুরভী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন পরিচিত মুখ এবং টঙ্গী এলাকার সেলিম মিয়ার মেয়ে।
সুরভীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মামলাটি দায়ের করেছেন নাঈমুর রহমান দুর্জয় নামে এক ব্যক্তি, যিনি নিজেকে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে মামলার বাদীর কিছু অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে, যেখানে তাকে সুরভীকে অনৈতিক প্রস্তাব দিতে শোনা যায়। আন্দোলনকারীদের অভিযোগ, সুরভী ওই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশি রেকর্ডে সুরভীর বয়স ২১ বছর উল্লেখ করা হলেও তার আইনজীবীদের দাবি, সুরভী এখনও অপ্রাপ্তবয়স্ক এবং তার প্রকৃত বয়স ১৭ বছর ১ মাস। পুলিশ কেন এতদিনেও বয়স যাচাই করেনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন জানান, এজাহারে বয়স ২১ বছর থাকায় তারা শুরুতে আলাদাভাবে খোঁজ নেননি, তবে এখন জন্মনিবন্ধন যাচাই করা হচ্ছে। অন্যদিকে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দিন জানিয়েছেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করছেন এবং কোনো ধরনের অবিচার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। সুরভীর জামিন ও রিমান্ড বাতিলের এই আদেশে স্বস্তি প্রকাশ করেছেন তার পরিবার ও সহযোদ্ধারা। তারা এই মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :