
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। তাই যাতে আগের ঐতিহ্যমন্ডিত যে কোনো একটি পোশাক ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে বর্তমান সরকার। এই কমিশনের একমাত্র লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আমলে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পুলিশবাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। সেই ভঙ্গুর অবস্থা থেকে আজ এই পর্যায়ে পুলিশ ক্রমান্বয়ে উন্নয়ন ঘটেছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো গোষ্ঠী বা বিশেষ রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের অকৃত্রিম বন্ধু।’
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, মানবিক ও সেবাধর্মী বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পুলিশের মনোবল ও দক্ষতা বৃদ্ধিতে কাজ চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বর্ণাঢ্য কুচকাওয়াজ উপভোগ করেন এবং কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ মার্চ থেকে শুরু হওয়া ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৭২ জন প্রশিক্ষণার্থী এই কুচকাওয়াজের মাধ্যমে তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে আজ থেকে বাস্তব কর্মজীবনে প্রবেশ করলেন।
আপনার মতামত লিখুন :