ব্রাহ্মণবাড়িয়ায় বেইলি রোডের অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন! 


প্রতিনিধি প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বেইলি রোডের অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন! 

বাহাদুর আলম,ব্রাহ্মণবাড়িয়া:রাজধানির বেইলী রোডে অগ্নিকান্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসীর পরিবারের ৫ জন নিহতের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ০১ মার্চ) বিকেলে নিহতদের গ্রামের বাড়ি শাহবাজপুর ইউনিয়নের খন্দকার পাড়ার সৈয়দ বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। একই সাড়িতে পাশাপাশি তাদের সবাইকে দাফন করা হয়।

 

এর আগে বিকেলে সোয়া তিনটায় ৪টি এম্বুল্যান্স যোগে ৫টি মরদেহ এসে বাড়িতে পৌঁছায়। পরে বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন করা হয়।

 

নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭),নূর (১৩)ছেলে আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মগবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

নিহত মোবারকের পরিবারের সদস্যরা জানান, মোবারক প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। । প্রায় ২০ বছর আগে সে ইতালি পাড়ি দেন। এরমাঝে তার দেশে আসা যাওয়া ছিল। গত দেড় মাস আগে প্রায় দুই বছর পর ইতালি থেকে দেশে ফেরেন মোবারক। তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্যে ভিসা ও টিকেট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদেরকে নিয়ে কাউসার ইতালি যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নিদগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন।